ভুয়া গণমাধ্যম ও কথিত সাংবাদিকদের দৌরাত্ম্য রুখতে র্যাব-৬কে খুলনা প্রেস ক্লাবের চিঠি
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
ভুয়া গণমাধ্যম ও কথিত সাংবাদিকদের দৌরাত্ম্য রুখতে র্যাব-৬কে খুলনা প্রেস ক্লাবের চিঠি। অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া সংবাদ, ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগ; জনসচেতনতা বাড়াতে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান
সরকারের অনুমোদনহীন ও অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভুয়া সংবাদ প্রচার, ব্ল্যাকমেইল, প্রতারণা ও হয়রানির অভিযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে খুলনা প্রেস ক্লাব। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব-৬-এর অধিনায়কের কাছে লিখিত আবেদন পাঠিয়েছে সংগঠনটি। খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে র্যাব-৬ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
চিঠিতে বলা হয়, একশ্রেণির অসাধু ব্যক্তি সরকারের অনুমোদনহীন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, এসব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভুয়া সংবাদ প্রচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
খুলনা প্রেস ক্লাবের অভিযোগ, কথিত কিছু সাংবাদিক ভুয়া পরিচয়পত্র, মাইক্রোফোন ও অন্যান্য উপকরণ ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করছে। কোনো কোনো ক্ষেত্রে মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া যাচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ, পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা প্রতারণা এবং হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে খুলনা প্রেস ক্লাবে একাধিক অভিযোগ আসছে বলেও চিঠিতে দাবি করা হয়েছে।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ মনে করেন, ভুয়া ও অননুমোদিত গণমাধ্যমের অপতৎপরতা শুধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষতির কারণ নয়, বরং দেশের প্রতিষ্ঠিত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভাবমূর্তির জন্যও উদ্বেগজনক। প্রকৃত সংবাদকর্মীদের পরিচয় ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংবাদিকতার প্রতি সাধারণ মানুষের আস্থাও প্রশ্নের মুখে পড়তে পারে।
চিঠিতে বলা হয়, বৈধ গণমাধ্যম ও পেশাদার সংবাদকর্মীদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং ভুয়া সাংবাদিকতার নামে সংঘটিত প্রতারণা ও হয়রানি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া জরুরি। এ প্রেক্ষাপটে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গণবিজ্ঞপ্তি জারির উদ্যোগ নেওয়ার জন্য র্যাব-৬ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খুলনা প্রেস ক্লাবের নেতারা আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বৈধ সংবাদমাধ্যম এবং ভুয়া পরিচয়ে পরিচালিত কর্মকাণ্ডের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নিশ্চিত করা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

