আবাসিক এলাকায় পোল্ট্রি খামার,দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামে আবাসিক এলাকার মধ্যে পোল্ট্রি মুরগির খামার স্থাপন করে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। খামারটির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সাতগাছিয়া গ্রামের মোজাম্মেল হক ঠান্ডু মিয়া ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মধ্যে পোল্ট্রি খামার স্থাপন করেন। শুরুতে তেমন সমস্যা না হলেও কয়েক মাস পর খামার থেকে মুরগির বিষ্ঠার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বাড়িতে বসে খাবার খাওয়া, ঘুমানো এবং স্বাভাবিকভাবে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদেরও নাকে-মুখে কাপড় দিয়ে চলাচল করতে হচ্ছে বলে তারা জানান।
এলাকাবাসী আরও জানান, বিষয়টি নিয়ে মোজাম্মেল হককে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে একটি অভিযোগপত্রে আসাদুজ্জামান রওশন উল্লেখ করেন, এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, কালীগঞ্জে লিখিত অভিযোগ করা হলে সংশ্লিষ্টরা সরেজমিন পরিদর্শন করে খামারটি বন্ধ করে দিয়েছিলেন। তবে দীর্ঘ প্রায় এক বছর পর পুনরায় সেখানে মুরগি পালন শুরু হয়েছে।
পরিবেশ দূষণের প্রতিকার চেয়ে আসাদুজ্জামান রওশন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঝিনাইদহ কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। আবেদনে আব্দুল বারী, সলিমা বেগম, জাহিদুল ইসলামসহ প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মুন্তাছির রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।##

