কক্সবাজারের উখিয়ায় দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিত (১৫) নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
কক্সবাজারের উখিয়ায় দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিত (১৫) নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।

নিখোঁজ আরবিত রত্নাপালং ইউনিয়নের জাফরপল্লান পাড়ার আফাজ উদ্দিনের ছেলে এবং রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন কোটবাজার এলাকা থেকে আরবিত নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা কাজল আকতার গত ১৭ জুলাই উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় দুজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পরিবারের দাবি, মামলার একজন আসামি কারাগারে থাকলেও অপর একজন এখনো পলাতক। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে নিখোঁজ কিশোরের সন্ধান মিলতে পারে বলে তারা মনে করছেন।

পরিবার মানবপাচার বা সংঘবদ্ধ কোনো চক্রের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বসহকারে তদন্তের দাবি জানিয়েছে। তবে আসামিদের বিরুদ্ধে পরিবারের উত্থাপিত বিভিন্ন অভিযোগ এখনো তদন্ত বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি।

আরবিতের স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। তারা মোবাইল ফোনের কল রেকর্ড, সম্ভাব্য অবস্থান, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

নিখোঁজ কিশোরের মা-বাবার আকুতি, “আমরা বিচার চাই, তবে তার আগে আমাদের সন্তানকে জীবিত ও নিরাপদ অবস্থায় ফিরে চাই।”

আরবিতকে উদ্ধারে পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *