রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই যুবক আটক

দপ্তর সম্পাদক:
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৩ আগস্ট) ভোর পর্যন্ত মাছুয়াপাড়া এলাকার দুই যুবককে আটকের তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজনের বাড়ি ওই এলাকাতেই।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাছুয়াপাড়া এলাকায় অভিযান শুরু করেন। একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করতে সক্ষমত হয়।

সূত্রের দাবি, আটকদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুঁতবাগানের পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে, হত্যাকাণ্ডের পর ওই ভবনে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে বলেও দাবি করেছে সূত্রটি। প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজন যুবকের একটি দল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *