ফায়ারফাইটার পদের মৌখিক পরীক্ষা সম্পন্ন, প্রকাশ চূড়ান্ত ফলাফল

মোঃ জাবেদ হোসেনঃফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) শেষ হয়েছে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান ফটক থেকে প্রবেশপত্র যাচাই করে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগপ্রার্থীদের ভাইভা পরীক্ষার জন্য অধিদপ্তরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় ধারণ করা ছবির সঙ্গে বর্তমান চেহারা মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
পরবর্তীতে প্রার্থীদের নির্ধারিত ওয়েটিং স্পটে সমবেত করা হয় এবং পর্যায়ক্রমে তাদের মৌখিক পরীক্ষা কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্যরা প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মৌখিক পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে পুরো পরীক্ষা এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরার মাধ্যমে মৌখিক পরীক্ষার বিভিন্ন পর্যায়ের চলমান ও স্থিরচিত্র ধারণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রার্থীদের পরিচয় যাচাই, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করায় পুরো নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *