ঝিনাইদহে ছয় মাসে আত্মহত্যা ১৮৯ জন, নারীর সংখ্যা বেশি
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। শনিবার সকালে মানবাধিকার সংগঠন আরডিসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আত্মহত্যাকারীদের সবাই গলায় ফাঁস দিয়ে অথবা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঝিনাইদহের সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব উপস্থাপন করা হয়েছে বলে জানানো হয়।
উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। গত ছয় মাসে এ উপজেলায় ৫৯ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে নারী ২৯ জন এবং পুরুষ ৩০ জন। এছাড়া শৈলকুপায় ৪৪ জন, হরিণাকুন্ডুতে ২৫ জন, কোটচাঁদপুরে ২১ জন, কালীগঞ্জে ২০ জন এবং মহেশপুরে ২০ জন আত্মহত্যা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঝিনাইদহে আত্মহত্যার সংখ্যা ছিল ১২৫ জন। এর মধ্যে পুরুষ ৫৭ জন এবং নারী ৬৮ জন। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মহত্যার ঘটনা বেড়েছে ৬৪টি।
আত্মহত্যা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কার্যক্রম অব্যাহত থাকলেও এর সংখ্যা কমছে না বলে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে আবেগপ্রবণতা বেশি এবং অনেকের ধৈর্য ধারণের সক্ষমতা কম। আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে অ্যাডভোকেসি সভা, কাউন্সেলিং কার্যক্রম বৃদ্ধি এবং যুবসমাজ ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় প্রয়োজন।
আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) সমন্বয়ে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।##

