বাড়ি ফেরা হলো না শিশু হাফসার
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা করতে এসেছিল ৭ বছরের শিশু হাফসা। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তে পিপরল স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, বাবা বিদেশে থাকায় শনিবার সকালে হাফসা তার মায়ের সঙ্গে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নসিমনে করে পিপরল স্ট্যান্ডে নামে তারা। পরে রাস্তা পার হওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লেগে হাফসা সড়কের ওপর ছিটকে পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।##

