জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে জামায়াতের গণমিছিল
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সদর উপজেলা জামায়াতের আমীর ড.হাবিবুর রহমান, শৈলকূপা উপজেলা আমীর মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
গণমিছিল পরবর্তী বক্তব্যে বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ছলচাতুরি এ দেশের জনগণ মেনে নেবে না। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ফল ভালো হবে না। এখনই সাবধান হয়ে যান, মানুষের সঙ্গে প্রতারণা করবেন না।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ জনগণ দেখতে পাচ্ছে না। বিএনপি আসলে কী চায়, তা জনগণ জানতে চায়। বিএনপির এমন মোনাফেকি আচরণেদেশের জনগণ চরমভাবে ক্ষুব্ধ।
তারা বলেন, জনগণের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।##

