বটিয়াঘাটা হাসপাতালের উন্নয়নে এমপি আমীর এজাজ খানের আশ্বাস

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভায় জনবল সংকট নিরসন, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান।

সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট, রোগীদের চিকিৎসার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার আগে সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাদ্য বিতরণ ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। হাসপাতালের বিদ্যমান সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আনসার সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা, শূন্য পদে চিকিৎসক নিয়োগ, আয়া ও সুইপার নিয়োগ, রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ হাসপাতালের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহেদুজ্জামান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাহুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা প্রকৌশলী গৌতম রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক ইমরান হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য প্রশাসন, বটিয়াঘাটা, খুলনার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *