বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এমপি আমীর এজাজ খানকে প্রাণঢালা সংবর্ধনা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খুলনা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফেরদৌস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব মুন্সীসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আমীর এজাজ খান বলেন, তিনি দীর্ঘ বছর ধরে কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। তিনি বলেন, “আমি আপনাদের প্রতিনিধি নই, আপনাদের সেবক। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
অনুষ্ঠানে স্থানীয় জনগণ বটিয়াঘাটা-বিরাট খেওয়া ঘাটে দূর্গম ভোগান্তির বিষয়টি তুলে ধরলে এমপি আমীর এজাজ খান তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত জনপদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। বিশেষ করে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর নেতৃত্বে বটিয়াঘাটার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

