পিরোজপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র‍্যাব-৮, বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা র‍্যাব-৮-এর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।অনুষ্ঠানের সমাপনী পর্বে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকমুক্ত রেখে একটি নিরাপদ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *