শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রতিযোগিতা: উত্তরা ফায়ার স্টেশন পরিদর্শনে জোন কমান্ডার
মোঃ জাবেদ হোসেন: শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তরা ফায়ার স্টেশন পরিদর্শন করেছেন ঢাকা জোন-২-এর জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিভাগীয় কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই ২০২৬ উত্তরা ফায়ার স্টেশন পরিদর্শন করেন ঢাকা জোন-২-এর জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম।
বাছাই প্রক্রিয়ায় ফায়ার স্টেশনের বিভিন্ন কার্যক্রম ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান করে কুইক ড্রেস, উদ্ধারকারী যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং লেডার ক্লাইম্বিংসহ বিভিন্ন গ্রুপভিত্তিক কার্যক্রম। পাশাপাশি সম্মিলিত ড্রিলের সক্ষমতাও মূল্যায়ন করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, মহাপরিচালকের নির্দেশনা যথাযথভাবে রেজিস্টারভুক্ত করা, দৈনন্দিন রুটিন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, স্টেশনের জ্বালানি হিসাব, সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ এবং পদ্ধতি যাচাই ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলোও বাছাইয়ের মানদণ্ডে রাখা হয়েছে।
স্টেশনে নিয়মিত গণসংযোগ ও টপোগ্রাফি করা হয় কিনা এবং এসব কার্যক্রমের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ, জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত শৃঙ্খলার মান, বদলি ও সংযুক্তির আদেশ যথাসময়ে বাস্তবায়ন, স্টেশন এলাকা ও ব্যারাক ভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জ্ঞানও মূল্যায়ন করা হচ্ছে।
শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাইয়ের মাধ্যমে স্টেশনগুলোর সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

