নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, পালিয়ে গেল মাদক ব্যবসায়ী

মোঃ জাবেদ হোসেনঃ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল জীপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, মাদক ব্যবসায়ীরা একটি বড় চালান বিলাসবহুল জীপ গাড়িতে করে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হার্ড জীপ (টয়োটা ক্লুগার) থেকে এক ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‍্যাব-১১ জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *