দাকোপে ‘মাই টিভি’র ভুয়া পরিচয়ে প্রতারণা, ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার দাকোপ উপজেলায় মাই টিভির ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে শহিদুল পাড় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত শহিদুল উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের ইসমাইল পাড়ের ছেলে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার চালনা ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক এর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাই টিভির নামে তৈরি একটি ভুয়া পরিচয়পত্র, লোগোসংবলিত বুম এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক জানান, শহিদুল দীর্ঘদিন ধরে নিজেকে মাই টিভির দাকোপ উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ও লোগোসংবলিত বুম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি ও তার টিম প্রায় এক সপ্তাহ ধরে শহিদুলের ওপর নজরদারি চালান। পরে সোমবার সকালে পুলিশের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করে দাকোপ থানায় সোপর্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছেন।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

