ঝিনাইদহে এনসিপির পথসভা, নির্বাচন কমিশন নিয়ে আক্তার হোসেনের মন্তব্য
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
বিএনপি নির্বাচনকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আক্তার হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গণভোটে পাওয়া জনসমর্থনের বাস্তবায়ন চায় না। সম্প্রতি দেশের ১২টি সংস্থা ও প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সেই প্রবণতা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।##

