র্যাবের অভিযানে নোয়াখালীর চাঞ্চল্যকর ফয়েজ হত্যা মামলার আসামি গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ নোয়াখালীর সোনাইমুড়ির বহুল আলোচিত ফয়েজ হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-২, সিপিসি-২, মোহাম্মদপুর, ঢাকার যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নোয়াখালীর সোনাইমুড়ি থানার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি ওসমান (২৩)-কে গ্রেফতার করে। তিনি সোনাইমুড়ি উপজেলার উত্তর শাকতলা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ১১ জুন রাত আনুমানিক ১১টার দিকে সোনাইমুড়ি উপজেলার শাকতলা এলাকায় ফয়েজ আহমেদ ও তার সঙ্গে থাকা কয়েকজনের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মাদক সেবনের অপবাদ দিয়ে একদল ব্যক্তি লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করে। পরে আহত ফয়েজ আহমেদকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম বাদশা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হাজারীবাগ থানার গজমহল রোড এলাকা থেকে ওসমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

