খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Preparation for Accreditation Application” শীর্ষক প্রশিক্ষণ গত ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নং একাডেমিক ভবনের ৪র্থ তলায় অবস্থিত ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান অর্জনে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে দশটি ডিসিপ্লিনে অ্যাক্রেডিটেশনের জন্য কার্যক্রম চলমান রয়েছে, যার মধ্যে ছয়টি ডিসিপ্লিন সেলফ্ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিয়েছে। এখানে পলিসি, প্রসিডিউর, স্ট্রাটেজি, স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, স্টুডেন্ট ফিডব্যাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তথ্য-প্রমাণভিত্তিক এই মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন প্রাপ্তিতে বিশেষ সহায়ক হবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এটি অর্জনে আন্তর্জাতিক মানের সিলেবাস তৈরি, পাঠদান, পরীক্ষা গ্রহণ, রেজাল্ট প্রদানে গুরুত্বারোপ করতে হবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমন একটা প্লাটফর্মে নিয়ে আসতে হবে, যেখানে কোর্স সিলেবাস থেকে শুরু করে যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে যা গাইড লাইন হিসেবে কাজ করবে। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে “Application Framework and BAC Requirements” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া “Preparing Accreditation Documents, Evidence and Submission Strategy” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা; সামাজিক বিজ্ঞান; জীববিজ্ঞান ও আইন স্কুলের সকল ডিন এবং স্থাপত্য; ইউআরপি; অর্থনীতি; বিজিই; ফউটে ও আইন ডিসিপ্লিনের ডিসিপ্লিন প্রধানসহ ও অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
“Preparation for Accreditation Application” বিষয়ক কর্মশালা এর রি-ক্যাপ ও ক্লোজিং সেশন পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়।

