জনদুর্ভোগ লাঘবে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের রাস্তা সংস্কার কার্যক্রম শুরু
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামোদরদী গ্রামের আমিরাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তার হোসেন বকাউল বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে।
তিনি আরও বলেন, সামাজিক উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব এবং মানুষের পাশে থেকে কাজ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা রিয়াদ সরকার, সহ-সমন্বয়ক তাজুল ইসলাম তাজ, সদস্য আরাফাত, মো. আল আমিন, মো. রাব্বি, মো. ইউসুফ, মো. পানতো, মো. দুদু খান, মো. সাগর, মো. সাব্বির, মো. মুন্না, মো. তানভিরসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দ্রুত ও মানসম্মতভাবে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা।

