ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে সেমিনার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা,গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের শিশু একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো. আবু বকর।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসিল আরেফিন কায়সার, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলমসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। একই সঙ্গে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের মতামতের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *