লবণচরা এলাকায় ১ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার লবণচরা এলাকায় র্যাব-৬ বিশেষ অভিযান চালিয়ে ১বিদেশি পিস্তল, ৫রাউন্ড তাজা গুলি ও ১ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জানা যায়, র্যাব ফোর্সেস নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শুক্কুর হাওলাদার (৩৫), পিতা- শাহজাহান হাওলাদার, গ্রাম- মাদারশি, থানা- ভাণ্ডারিয়া, জেলা- পিরোজপুর এবং মোঃ ইমরান খান (৩৭), পিতা- মৃত আমির খান, হরিণটানা, থানা- লবণচরা, কেএমপি, খুলনা।
র্যাব জানায়, অভিযানকালে ধৃত ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলার তথ্য রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

