সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা চার জেলে আটক, জাল-নৌকা জব্দ

এস. এম. সাইফুল ইসলাম কবির,সুন্দরবন থেকে ফিরে:বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ ও মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবনের সাপখালী নদীতে অভিযান চালিয়ে কাতেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কাতেশ্বর টহল ফাঁড়ির অফিস ইনচার্জ (ওসি) আরাফাত হোসেনের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় সাপখালী নদীতে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখতে পান। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা, দুটি জাল, ড্রাম, বৈঠাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের হেলাল হোসেন, নজরুল ইসলাম, সাকিল মোড়ল ও বাবু গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম চলায় বন ও নদী এলাকায় সব ধরনের মানুষের প্রবেশ এবং মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। কিন্তু আটক জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ধরছিলেন।”

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *