শাহরাস্তি মডেল থানার মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শাহরাস্তি মডেল থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরেকজন আসামি পুলিশি অভিযান টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৃথক তিনটি অভিযানে এ সাফল্য অর্জন করে থানা পুলিশের চৌকস টিম।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকার কালিয়াপাড়া-হোসেনপুর সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকার বাসিন্দা মো. কাউছার হোসেন (৩২)-কে তার হেফাজতে থাকা ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া বাজার-স্বেতী নারায়ণপুর নুনিয়া সড়কে অভিযান চালিয়ে শাহরাস্তি উপজেলার সিমাইল এলাকার মো. রনি হোসেন (২৫)-কে ১১ পিস ইয়াবাসহ আটক করেন।
একই দিনে তৃতীয় অভিযানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকায় পুরাতন ব্রিকফিল্ড সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ফেরুয়া এলাকার মো. আবদুল হান্নান (২৫)-কে ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তার সহযোগী ফারুক প্রকাশ কটি ফারুক (২৯) কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

