পিরোজপুরে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনু
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “পিরোজপুরে মাদকের বিস্তার: আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (২০ জুন) বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। মাদকের ছোবলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত পিরোজপুর গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

