এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও বিএনপি নেতাসহ তিনজন ৩০০ পিস ইয়াবাসহ আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মাদক কেনাবেচার সময় এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও বিএনপির এক নেতাসহ তিনজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া গ্রামের আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ অরফে রুপম (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর আহমেদ অরফে রুপম সাধুহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কামালের ছেলে। অপরদিকে আটক আব্দুল মালেক সাগান্না ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ডাকবাংলা এলাকার এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাবেক নেতা বলেও জানা যায়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম জানান, ডাকবাংলা বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের ইয়াবাসহ আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে

