মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে গুরুত্বারোপ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী থানা সংলগ্ন মীম কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব লাল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আহ্বায়ক শাহ আলম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসেন এবং পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ।

অনুষ্ঠানে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কংগ্রেস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা। এ সময় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি করতে পার্টনার প্রকল্প কার্যকর অবদান রাখছে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *