পিরোজপুরে মাদকবিরোধী সচেতনতা কর্মশালা
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ
মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে একটি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জুন) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, পিরোজপুর সদর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার।বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখা সম্ভব।কর্মশালাটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ও মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

