চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | মোঃ জাবেদ হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান তাহা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং একজন কোরআনের হাফেজ ছিলেন। তিনি হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারীর ছেলে। তাদের গ্রামের বাড়ি উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়িতে হলেও দীর্ঘদিন ধরে পরিবারটি চরমুকুন্দী গ্রামে বসবাস করে আসছে। তার বাবা স্থানীয় একটি জামে মসজিদে ইমামতি করেন।
স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে মাহমুদুল হাসান তাহা ৫ থেকে ৭ জন বন্ধুর সঙ্গে চরমুকুন্দী গ্রামের খালে গোসল করতে নামে। একপর্যায়ে জোয়ারের পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে তার সহপাঠীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান জানান, শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী মাদ্রাসা ছাত্র ও কোরআনের হাফেজের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক জানান, “ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

