পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শতাধিক গাছের চারা রোপণ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী, এনএসআই পিরোজপুরের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।সরকারের ঘোষিত সবুজায়ন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পর্যাক্রমে জেলার সকল উপজেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *