ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভান্ডারিয়া উপজেলা থেকে ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পিরোজপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমানের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সোমবার (৮ জুন) ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোঃ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১)-কে হরিদাসের বসতঘরের সামনে থেকে ৪০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

