চাঁদপুরে কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতার ওপর গুরুত্বারোপ
মোঃ জাবেদ হোসেনঃমাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুরে কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (০৮ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এবং জেলা কারাগার, চাঁদপুরের যৌথ উদ্যোগে জেলা কারাগার, চাঁদপুরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারাগারে অবস্থানরত বিপুলসংখ্যক কারাবন্দী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব উজালা রানী চাকমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কারাগার, চাঁদপুরের জেল সুপার জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। মাদকের অপব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, পারিবারিক অশান্তি সৃষ্টি হয় এবং তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, কারাবন্দীদের শুধুমাত্র শাস্তি প্রদানই নয়, তাদের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন সৃষ্টি করা এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক আয়োজন কারাবন্দীদের নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় উপস্থিত অতিথি ও আলোচকরা মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক, এর সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে তারা উপস্থিত কারাবন্দীদের মাদক থেকে দূরে থাকার এবং একটি সুন্দর ও সুস্থ জীবন গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত কারাবন্দীদের মাঝে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, মাদকবিরোধী এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

