ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ মাদক কারবারি জীবন গ্রেফতার
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল উইনকোরেক্সসহ (ফেনসিডিলের বিকল্প) কুখ্যাত মাদক কারবারি জীবন মন্ডল (৩২) এবং তার সহযোগী সুজন আহমেদকে (২৫) গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল উপজেলার বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকায় সুজন আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল উইনকোরেক্স উদ্ধার করে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জীবন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

