ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করলেন- এমপি আলী আজম
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা কার্যালয় আলহেরা অফিসে এ ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি ছগির আহম্মেদ ও তাজুল ইসলাম,মোহাদ্দিস রবিউল ইসলামসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজম মো. আবু বকর বলেন,পবিত্র ঈদুল আজহা শুধু ত্যাগের শিক্ষা দেয় না, এটি সামর্থ্যবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও বার্তা দেয়। সমাজের পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রধান অতিথি জেলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপকারভোগীদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

