চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও মুন্সী বাড়ীতে বজ্রপাতে মোঃ শুক্কুর (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা সিরাজ মুন্সীর ছেলে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন শুক্কুর। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রতিবেশীরা জানান, শুক্কুর একজন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি এলাকার সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
এদিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কও দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল। বিশেষ করে বৈরী আবহাওয়ার সময় ঘরের বাইরে না থাকা এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তারা।
মরহুম মোঃ শুক্কুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সকলের প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *