উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি আবু তালিব
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আবু তালিব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় এমপি আবু তালিব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ৩২০টি শাড়ি ও ২২০টি লুঙ্গি বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ১৬০টি মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের জন্য প্রতিটিতে ৩ লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী এলাকার আইডিভুক্ত কাঁচা রাস্তা কার্পেটিংয়ের জন্য প্রায় ৩০ কোটি টাকার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এ বরাদ্দে প্রায় ২৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া ১২ কিলোমিটার নদী খননের বরাদ্দ পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকার ২১টি খাল খননের প্রস্তাবনাও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এমপি আবু তালিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওলিয়ার রহমান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারি, এলডিপি নেতা আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।##

