পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।বক্তারা বলেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, অসহায় এবং বিচারপ্রাপ্তিতে পিছিয়ে পড়া মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছে। জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্র জনগোষ্ঠী ন্যায়বিচার লাভের সুযোগ পাচ্ছে, যা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *