জামালপুরে ঝড়ে বসত ঘরে গাছ ভেঙ্গে পরে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের ওপর পরে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূর্বদাগী এলাকার বাসিন্দা খুকি বেগম (৭০) এবং তার দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।
স্থানীয়রা জানান, ভোরের দিকে প্রবল ঝড়ে একাধিক গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পরে। এতে ঘরের ভেতর থাকা তিনজনই চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।এলাকাবাসী জানান, রাতভর তীব্র ঝড় ও বৃষ্টিতে বড় বড় গাছ উপড়ে পড়ে। একটি মহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয় হিসেবে ঘরে থাকলেও এমন দুর্ঘটনা এড়ানো কঠিন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ঝড়ের সময় গাছ ভেঙে পড়ায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

