মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটায় উৎসবমুখর আয়োজন
সাথী ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে।
সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের স্থানীয় অফিস প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। তিনি বলেন,
“ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে গ্রাহকসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ দিনে সম্মানিত বীমাগ্রহীতা, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলীসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন, দেশের বীমা খাতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স একটি আস্থার নাম। গ্রাহকসেবা, আর্থিক নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট অ্যানুয়েল রিপোর্ট, ইন্টিগ্রেটেড রিপোর্ট ও কর্পোরেট গভর্ন্যান্সের জন্য ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড (গোল্ড) লাভ করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সারাদেশে কোম্পানিটির প্রায় ৭৫ লাখ গ্রাহক রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

