পিরোজপুরে বাল্যবিবাহ রুখে সাহসিকতার স্বীকৃতি পেল এসএসসি পরীক্ষার্থী তহমিনা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭)। তার এই দৃঢ় অবস্থান ও সচেতনতার স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) তহমিনার অসচ্ছল পরিবার তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এক প্রবাসীর সঙ্গে বিয়ে নির্ধারণ করে। তহমিনা জিয়ানগরের সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং আলম হাওলাদার ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।বিয়েতে অসম্মতি জানিয়ে তহমিনা সাহসিকতার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে জিয়ানগর থানায় আশ্রয় নেয়। তার এই সচেতন ও দৃঢ় পদক্ষেপের ফলে থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমানের তত্ত্বাবধানে বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়।বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তহমিনাকে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করে তার সাহসিকতাকে সম্মান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তহমিনার মা আনোয়ারা বেগমও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তহমিনার এই সাহসী পদক্ষেপ সমাজের জন্য অনুকরণীয় এবং অন্যান্য কিশোরীদের বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকেন এবং সমাজের সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।তহমিনার এই সাহসিকতা প্রমাণ করে—সচেতনতা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকলে একজন কিশোরীও নিজের অধিকার রক্ষা করতে পারে। বাল্যবিবাহ শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক সমস্যা যা শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ প্রতিরোধে আরও জোরালো ভূমিকা নেওয়া জরুরি। তহমিনার মতো সাহসী পদক্ষেপই পারে একটি সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *