দিঘলিয়ায় জুয়েলারি মালিককে কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই।
দিঘলিয়া প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০২৬
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীর গতিরোধ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০.৩০ টার দিকে সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন বাইপাস সড়কে এই দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়।
ভুক্তভোগী উত্তম কর্মকার, সেনহাটি বাজারের ‘গৌরাঙ্গ জুয়েলারি’-র স্বত্বাধিকারী। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন দীপক মোদকের ভাড়া বাসায় ফিরছিলেন। বাড়ির গেটের কাছে পৌঁছানোমাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাকে জাপটে ধরে।
ছিনতাইকারীরা তার হাতের ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। প্রাণভয়ে একপর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দিতে বাধ্য হন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি অনুযায়ী, ছিনতাই হওয়া ব্যাগে ছিল স্বর্ণ প্রায় ২ ভরি, রৌপ্য প্রায় ৪০ ভরি, নগদ টাকা: ৩৮,০০০ টাকা।
সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাউদ ও এএসআই টিপু। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সেনহাটি পুলিশ ফাঁড়ি জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
ব্যস্ততম সেনহাটি এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকায় নিরাপত্তা জোরদার এবং নৈশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

