চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড
মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ১৭ জেলেকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার সময় হাতে-নাতে ১৭ জেলেকে আটক করা হয়।
অভিযানে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে আটক জেলেদের চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মো. বিল্লাল শেখ, সোবহান হাওলাদার, মো. মনু মিয়া হাওলাদার, মো. মিরাজ হোসেন, কালিয়া বেপারী, জাকির দেওয়ান, মো. দুলাল, মিন্টু খা, মো. লিটন, অমৃত লাল মল্লিক, মিঠুন মল্লিক, মো. হাবিব মাঝি, মো. আবুল বাসার ও মো. চাঁন মিয়া শেখ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ। জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

