চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন
মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুর“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, বর্তমান বিশ্ব সম্পূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বাড়াতে আধুনিক ল্যাবরেটরির বিকল্প নেই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলার সরকারি স্কুল-কলেজগুলোতে উন্নতমানের ল্যাব স্থাপনে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার প্রসার ঘটলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। তরুণ প্রজন্মকে শিক্ষাজীবন শেষ করে দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. শিবলী সাদিক এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুরুল্লাহ।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান জেলা বিএনপি সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

