ঝিনাইদহে পোলিং এজেন্টদের শিক্ষা বৈঠক- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীলতার আহ্বান
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলায় পোলিং এজেন্টদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পোলিং এজেন্টদের ভূমিকা, দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয় এ কর্মসূচিতে।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগীর আহমেদ, শহর শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পোলিং এজেন্টরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করেন এবং ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকেন—এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেন বক্তারা।
বৈঠকে পোলিং এজেন্টদের নির্বাচনকালীন বিভিন্ন বাস্তব পরিস্থিতি মোকাবিলার কৌশল, আচরণবিধি এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর হিসেবে অভিহিত করেন।#

