পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ ও লোকজ মেলার উদ্বোধন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওহিদুজ্জাম লাভলুসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।শোভাযাত্রাটি কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বৈশাখী লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানের শুরুতে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়। মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যের স্টল, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী এবং নানা ধরনের খাবারের সমাহার দেখা যায়। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পণ্যের মান যাচাই করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে পিরোজপুর জেলায় বিরাজ করছে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ।

