দিঘলিয়ায় অভ্যন্তরীণ কোন্দলে শীর্ষ সন্ত্রাসী ‘কানা শান্ত’কে পিটিয়ে জখম
দিঘলিয়া (খুলনা) থেকে এস এম শামীম :খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে ‘কানা শান্ত’ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসী গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত ১১টার দিকে সেনহাটি ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদের পুত্র এবং একাধিক মামলার আসামি কানা শান্তকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একই গ্রুপের প্রতিপক্ষরা। দুর্ধর্ষ সন্ত্রাসী ‘বেজি আলামিন’ (৩২) ও তার সহযোগীরা শান্তকে সেনহাটি আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজ সংলগ্ন একটি নির্জন বাগানে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় প্রভাব বিস্তার এবং চাঁদাবাজি ও লুটপাটের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বাগানে নিয়ে সন্ত্রাসীরা শান্তর কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর জিআই পাইপ দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তার আত্মচিৎকারে এলাকাবাসীর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত শান্ত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

