পিরোজপুরে মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমান আদালতে দুই যুবকের কারাদণ্ড
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
সোমবার (১৩ এপ্রিল) পিরোজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীনের নেতৃত্বে সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামের মোঃ আকরাম (৩৮) এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের মামুন শেখ (২৯)।পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ২৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধুমাত্র আইন প্রয়োগ নয়, পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধই পারে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

