খুবির চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের ক্লাস ও ল্যাব পরিদর্শনে উপাচার্য
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের ক্লাস ও ল্যাব পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে তিনি আকস্মিকভাবে চারুকলা স্কুলভুক্ত ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ভাস্কর্য ডিসিপ্লিনের ক্লাসরুম, ল্যাব ও স্টুডিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের বর্তমান পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ, পাঠ্যবিষয়বস্তু, পাশাপাশি ল্যাব ও স্টুডিও ব্যবহারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, চারুকলা একটি সৃজনশীল ও সম্ভাবনাময় ক্ষেত্র। এ ক্ষেত্রকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করতে হলে কারিকুলাম নিয়মিতভাবে পর্যালোচনা ও রিভাইজড করা প্রয়োজন। পাঠ্যসূচিতে আধুনিক প্রযুক্তি ও বাস্তবমুখী দক্ষতা উন্নয়নমূলক বিষয় অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স-পিএইচডির পাশাপাশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরও গবেষণায় প্রণোদনা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

