পিরোজপুরে আগুনে পুড়ে ৬ দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ৩৭ লাখ টাকা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টা,পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলার ১নং শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজখোলা-নাজিরপুর সড়কের টেক্সটাইল মিল সংলগ্ন বকুলতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সরেজমিনে দেখা যায়, টিন ও কাঠ দিয়ে নির্মিত মুদি দোকানগুলো আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পিরোজপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সদর থানার এসআই তুহিনও একই ধরনের ধারণা প্রকাশ করেছেন।প্রত্যক্ষদর্শী সুমাইয়া জানান, রাতে বাইরে বের হয়ে বাজারের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে সামনে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি স্থানীয়দের ডাকাডাকি করেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।ক্ষতিগ্রস্তদের মধ্যে ইলিয়াস হোসেন শেখ জানান, তার দোকানে প্রায় ১৫-১৬ লাখ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে। মোহাম্মদ ইমাম হোসেন শেখের প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল, মোহাম্মদ মিয়া শেখের প্রায় ১৫ লাখ টাকার পণ্য, আমজাদ হোসেন শেখের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আব্দুস সালাম লাল মিয়ার দোকানে প্রায় ৩ লাখ টাকা এবং চান মিয়া খানের দোকানে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায়।ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আলমগীর হোসেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও জেলা সেক্রেটারি জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

