কালীগঞ্জের বারবাজারে মাছের আড়তে সশস্ত্র হামলা, তিন ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে মাছের আড়তে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তিন মাছ ব্যবসায়ী আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার মাছের আড়তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাদুরগাছা গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে খাইরুল বাশার (৫০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বারবাজার এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ চলছিল। ঘটনার রাতে পিরোজপুর গ্রামের ভোলা জর্দারের ছেলে শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে খাইরুল বাশারের সোনারবাংলা মাছের আড়তে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। বাধা দিতে গেলে খাইরুল বাশারকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে হামলাকারীরা পাশের শরিফ আহম্মেদের কবির অ্যান্ড ব্রাদার্স মাছের আড়তে হামলা চালিয়ে তার ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা এবং হাবিবুরের ভাই ভাই মাছের আড়তে হামলা চালিয়ে প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় শরিফ আহম্মেদ ও হাবিবুর বাধা দিলে তাদেরও মারধর করা হয়।
ভুক্তভোগীরা জানান, হামলার পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে খুন-জখমসহ আরও ক্ষতির হুমকিও দিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজ ও সহিংস প্রকৃতির হিসেবে পরিচিত। পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, বাজার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *