পিরোজপুরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সুব্রত গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরে মিথ্যা মামলা, হয়রানি ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সোমবার (৩১ মার্চ) সকালে শহরের দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল আচার্য জানান, তার পিতা মৃত মনোহর আচার্যের মালিকানাধীন সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ সুব্রত আচার্য বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের, হুমকি প্রদান এবং নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, আদালতে একাধিকবার তাদের পক্ষে রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বিভিন্ন কৌশলে হয়রানি অব্যাহত রেখেছে। বর্তমানে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং তারা ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশ্লিষ্ট জমিটি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি মৌজার বিভিন্ন দাগে অবস্থিত। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একাধিক মামলা ও তদন্ত সম্পন্ন হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করা হয়। এমনকি ১৪৪ ধারার একটি মামলায় আদালত তাদের ভোগদখলের অধিকার স্বীকার করেছেন এবং ১০৭ ধারার মামলায় প্রতিপক্ষ আদালতে মুচলেকা দিয়ে হুমকি-ধমকি না দেওয়ার অঙ্গীকার করেছেন। একটি সিআর মামলার তদন্তেও তাদের পক্ষেই সিদ্ধান্ত এসেছে বলে জানানো হয়।
এছাড়া, সুব্রত আচার্যের বিরুদ্ধে সরকারি খাল দখল, রাস্তা ও পানি চলাচলে বাধা সৃষ্টি এবং জনদুর্ভোগ তৈরির অভিযোগও তুলে ধরা হয়। এসব কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।দুলাল আচার্য বলেন, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং তাদের ওপর যেন আর কোনো ধরনের হয়রানি বা মিথ্যা মামলা না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আদালতের পূর্ববর্তী রায় দ্রুত বাস্তবায়ন, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি খাল ও জমি উদ্ধার করে সংরক্ষণের দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত সুব্রত আচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

