পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে যুবকের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীন।অভিযান চলাকালে পিরোজপুর পৌর শহরের বাজার রোড এলাকা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে মৃত শেখ মতিয়ার রহমানের পুত্র শেখ মনিরুজ্জামান (৪৫)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে মামলা রুজু করে ২৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

